ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর বাংলাদেশি প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম এখন তুরস্কে অবস্থান করছেন। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইসরায়েল থেকে ফেরার পর বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান তুরস্কে শহিদুল আলমকে স্বাগত জানান।
এর আগে বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে কৃতজ্ঞতা জানান তার মুক্তিতে সহায়তার জন্য।
উল্লেখ্য, শহিদুল আলম দৃক-এর ব্যবস্থাপনা পরিচালক। তিনি ‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন’ এর অংশ হিসেবে গাজা অভিমুখে যাত্রা করেছিলেন, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলের গাজা অবরোধ ভাঙা এবং ফিলিস্তিনে নৃশংসতা বন্ধের দাবি জানানো।
নৌযাত্রাটিতে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তবে গত বুধবার ওই নৌবহরে ইসরায়েলি সেনারা হামলা চালিয়ে সবাইকে আটক করে।
বাংলাদেশ সরকার বিষয়টি জানার পরপরই দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেয়। জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসকে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে শহিদুল আলমের মুক্তি নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।