রাজধানীর শাহবাগ এলাকা থেকে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে শাহবাগের তিনটি আলাদা স্থান থেকে লাশগুলো উদ্ধার করা হয়—জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ভবঘুরে ছিলেন এবং অসুস্থতাজনিত কারণে মারা গেছেন। তাদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, প্রথমে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা আইল্যান্ডের ওপর অচেতন অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর।
এর কিছুক্ষণ পর রাত পৌনে ১০টার দিকে জাতীয় ঈদগাহ মাঠের ফুটপাত থেকে আশরাফ মণ্ডল নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তার বয়স প্রায় ৪০ বছর, বাড়ি বগুড়ার দুপচাচিয়া উপজেলায়। হাসপাতলে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। আঙুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে।
সবশেষে রাত পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশের ফুটপাত থেকে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বয়সও আনুমানিক ৪০ বছর। পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশের ধারণা, ধারাবাহিকভাবে তিনটি মৃত্যু একই রাতে হওয়ায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।