প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চাঁদপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে কিশোর গ্রেপ্তার

সৈয়দ আরাফাত ছামী
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

চাঁদপুরের কচুয়ায় হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিকর মন্তব্য করায় তমাল চন্দ্র সরকার (১৭) নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কচুয়া পৌরসভার কান্দিরপাড় এলাকা থেকে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ তমালকে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ জানায়, তমাল চন্দ্র সরকার কচুয়ার কান্দিরপাড় গ্রামের দুলাল চন্দ্র সরকারের ছেলে এবং আশেক আলী খান স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, তমাল তার নিজস্ব মোবাইল ফোনের মেসেঞ্জারে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। পরবর্তীতে ওই স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, “মহান আল্লাহ, মহানবী (সা.) ও পবিত্র কাবা ঘরকে অবমাননাকর মন্তব্যের অভিযোগে তমাল চন্দ্র সরকারকে আটক করা হয়েছে। তার পরিবারের সদস্যরা ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ স্বেচ্ছায় তাকে পুলিশের হাতে সোপর্দ করেছেন।”

তিনি আরও জানান, তমালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা