বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার মুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, তুরস্কের কূটনৈতিক সূত্র অনুযায়ী আজ বিকেলে শহিদুল আলমসহ অন্য কয়েকজন যাত্রীকে নিয়ে ইসরায়েল থেকে ‘টিকে ৬৯২১’ ফ্লাইটটি রওনা দেয়। ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ইস্তাম্বুলে অবতরণের কথা রয়েছে।
শহিদুল আলমের নিরাপদ মুক্তি ও প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করতে তুরস্ক সরকারের সহযোগিতার জন্য ড. ইউনূস কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রেস উইং থেকে জানানো হয়।
উল্লেখ্য, শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক এবং দীর্ঘদিন ধরে মানবাধিকার ও গণমাধ্যম স্বাধীনতার পক্ষে কাজ করছেন। সম্প্রতি তিনি ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একটি নৌযাত্রায় যোগ দেন, যার লক্ষ্য ছিল গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙা এবং ফিলিস্তিনে নৃশংসতা বন্ধের দাবি তোলা।
নৌবহরে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তবে গত বুধবার ইসরায়েলি বাহিনী নৌবহরে হামলা চালিয়ে শহিদুল আলমসহ সকলে আটক করে নিয়ে যায়।
শহিদুল আলমের আটক হওয়ার পরপরই বাংলাদেশ সরকার সক্রিয় কূটনৈতিক তৎপরতা চালায়। প্রধান উপদেষ্টার নির্দেশে জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো সংশ্লিষ্ট পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে তার দ্রুত মুক্তির জন্য উদ্যোগ নেয়।