প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে মাঠে নেমেছেন বিএনপি নেত্রী

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজ সম্পন্নের অঙ্গীকার নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী সালিমা তালুকদার আরুনী। তার জনসংযোগে সরিষাবাড়ী জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যেন জনতার ঢল নেমেছে তাকে একনজর দেখতে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) ঢাকা থেকে সরিষাবাড়ীর পিংনা ইউনিয়নের পিংনা কেন্দ্রীয় জামে মসজিদ মোড় ও নরপাড়া এলাকায় পৌঁছালে, স্থানীয় জনগণ ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে বরণ করে নেয়। বাদ্য-বাজনা ও “আরুনী এগিয়ে চলো, সরিষাবাড়ীর কন্যা তোমার সাথে আছি” স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

এ সময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় সালিমা তালুকদার আরুনী বলেন, “সরিষাবাড়ীর মানুষের প্রতি আমার পিতা, সাবেক বিএনপি মহাসচিব ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর যে স্বপ্ন ও ভালোবাসা ছিল, তা বাস্তবায়নই হবে আমার জীবনের লক্ষ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমি নিজেকে জনগণের সেবায় উৎসর্গ করতে চাই।”

তিনি আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয়, মানুষের কল্যাণের দায়িত্ব। সরিষাবাড়ীর উন্নয়নই আমার রাজনীতির মূল প্রতিশ্রুতি।”

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, আরুনীর গণসংযোগে সরিষাবাড়ীর রাজনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। দীর্ঘদিন পর বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ ও ঐক্যের এক নতুন জোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন প্রয়াত ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের সহধর্মিণী মাহমুদা সালাম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান তালুকদার বাবু, সরিষাবাড়ী কলেজের সাবেক ভিপি শহীদুল্লাহ, এবং স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা