আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় সবুজ সংকেত পাওয়া দুই শতাধিক জামায়াত নেতা এখন মাঠে কাজ করছেন। তবে দলের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়োজনে যেকোনো সময় প্রার্থী পরিবর্তনের সুযোগ রাখা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় পর্যায়ের বেশিরভাগ নেতা নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকলেও শীর্ষ পাঁচ নেতা এবার সরাসরি প্রার্থী হচ্ছেন না। তাদের মধ্যে রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, এটিএম মাসুম, মাওলানা আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ শাহজাহান এবং অসুস্থতার কারণে কেন্দ্রীয় নায়েবে আমির আ ন ম শামসুল ইসলাম।
দলীয় নেতাদের ভাষ্য, সংগঠনের বৃহত্তর স্বার্থে এই চার সহকারী সেক্রেটারি জেনারেলকে নির্বাচনে প্রার্থী না করে নির্বাচন ব্যবস্থাপনা ও কৌশলগত পরিকল্পনার দায়িত্বে রাখা হয়েছে।
সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন,
“একটা পরিবারের সবাই সব কাজ করে না, সেটাই সৌন্দর্য। আমি প্রার্থী না হলেও নির্বাচনী ব্যবস্থাপনায় আছি। নির্বাচনের প্রস্তুতি, প্রার্থীদের দেখভাল, প্রচারণা—সবকিছুই আমাদের দায়িত্বের মধ্যে পড়ছে।”
সূত্র আরও জানায়, নির্বাচনে অংশ না নেওয়া এই নেতাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচ দফা গণদাবি বাস্তবায়ন, নির্বাচনী জোট গঠন এবং দলের নতুন আমির নির্বাচন প্রক্রিয়া তত্ত্বাবধানের মতো গুরুত্বপূর্ণ কাজের।
আগামী জাতীয় নির্বাচনে জামায়াত ২৯৪টি আসনে প্রাথমিকভাবে প্রার্থী চূড়ান্ত করেছে। শীর্ষ ১২ কেন্দ্রীয় নেতার মধ্যে সাতজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।