লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে ৩০৯ জন বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তাদের প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়। আজ শুক্রবার (১০ অক্টোবর) তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।
দূতাবাস সূত্রে জানা যায়, দূতাবাসের নিরলস প্রচেষ্টা ও লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় দীর্ঘদিন ধরে আটকে থাকা এসব বাংলাদেশির প্রত্যাবাসন সম্ভব হয়েছে। তারা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইট YI5040-এ করে সকাল ১১টার দিকে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ ত্রিপলী বিমানবন্দরে প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন,
“বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করেছি। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।”
দূতাবাসের কর্মকর্তারা জানান, লিবিয়ায় আটক বা বিপদে পড়া আরও অনেক বাংলাদেশিকে ধাপে ধাপে দেশে ফেরানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে।