প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সড়ক দুর্ঘটনায় রাবি অধ্যাপক নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫

রাজশাহীর নওহাটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক অধ্যাপক নিহত হয়েছেন এবং অপর এক অধ্যাপক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে পবা থানার অন্তর্গত নওহাটা জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অধ্যাপক ড. শিব শংকর রায়, তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক ছিলেন। গুরুতর আহত হয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান বাদশা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন দুই শিক্ষক। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যান।

তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক শিব শংকর রায় মারা যান। গুরুতর আহত অধ্যাপক আসাদুজ্জামানের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান এক শোকবার্তায় বলেন,“অসীমে ভালো থাকবেন স্যার। আজ সকালে সড়ক দুর্ঘটনায় আমরা হারালাম প্রিয় শিক্ষক ড. শিব শংকর রায়কে। তার আত্মার মাগফিরাত কামনা করছি। অন্য শিক্ষক ড. আসাদুজ্জামান বাদশা বর্তমানে রামেকে চিকিৎসাধীন।”

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান,

“দুই শিক্ষক মোটরসাইকেলে নওগাঁর দিকে যাচ্ছিলেন। পথে নওহাটা জুট মিলের সামনে ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত শিক্ষককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

বিশ্ববিদ্যালয়জুড়ে এ ঘটনায় গভীর শোক নেমে এসেছে। সহকর্মী, শিক্ষার্থী ও প্রাক্তন ছাত্ররা সামাজিক যোগাযোগমাধ্যমে নিহত অধ্যাপকের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা