৬৫ বছরের বেশি বয়সী প্রবীণ সাংবাদিকদের জন্য মাসিক ১০ হাজার টাকা সম্মানী প্রদানের নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. কাউসার আহাম্মদ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।
বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সংশ্লিষ্ট উপদেষ্টা অনুমোদন দিলে নীতিমালার প্রজ্ঞাপন জারি হবে এবং পরে এটি গেজেটে প্রকাশিত হবে। অসচ্ছল প্রবীণ সাংবাদিকদের জন্য সম্মানী ১০ হাজার টাকা বহাল রাখা হয়েছে।
সাংবাদিক কল্যাণ ট্রাস্ট খসড়া প্রস্তাবে মাসিক সম্মানী ১৫ হাজার টাকা করার সুপারিশ করেছিল। তবে মন্ত্রণালয় চূড়ান্তভাবে ১০ হাজার টাকা নির্ধারণ করেছে।
প্রাথমিকভাবে এই ভাতা বিভাগীয় ও জেলা শহরের প্রবীণ সাংবাদিকদের জন্য প্রযোজ্য হবে। পরবর্তীতে ধাপে ধাপে ভাতার পরিধি এবং পরিমাণ বৃদ্ধি করা হবে।
নীতিমালার আওতায় মাসিক সম্মানী পাওয়ার জন্য আবেদনকারীদের কমপক্ষে ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।