প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে বৈঠক করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, এলডিসি উত্তরণ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন,
“বাংলাদেশ ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হতে যাচ্ছে, যা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার বড় অর্জন। এই পরিবর্তন নতুন সুযোগ সৃষ্টি করবে, তবে কিছু চ্যালেঞ্জও আনবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্যের সহযোগিতা প্রত্যাশা করছি।”

তিনি আরও জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর বিষয়ে সরকার আন্তরিক। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনার জন্য অপারেটর নিয়োগ দেওয়া হবে।

যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস উইন্টারটন বলেন,
“২০২৯ সাল পর্যন্ত বাণিজ্য সুবিধা কর্মসূচির আওতায় বাংলাদেশের পণ্য যুক্তরাজ্যের বাজারে সম্পূর্ণ শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে। এটি এলডিসি থেকে উত্তরণের সময় রপ্তানি খাতের প্রতিযোগিতা ধরে রাখতে সহায়তা করবে।”

তিনি আরও যোগ করেন, দুই দেশের মধ্যে দ্বিমুখী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও শক্তিশালী করা তার সফরের মূল উদ্দেশ্য। নতুন বাণিজ্য সম্ভাবনা ও পারস্পরিক সমৃদ্ধি বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা