প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

“কূটনীতিকরা কোথায় বৈঠক করছে, তা নিয়ে বিএনপির মাথাব্যথা নেই: আমীর খসরু”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কূটনীতিকরা কার বাসায় বা কোথায় বৈঠক করবেন, তা নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। তিনি বলেন, “কে, কোথায় বা কতজন মিটিং করছে, এটি আমাদের আলোচনার বিষয় নয়। আমরা শুধু আগামীর বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারে বিশ্বাসী।”

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোটজের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এক নেতার বাসায় তিন দেশের কূটনীতিকদের বৈঠক প্রসঙ্গে আমীর খসরু বলেন, “বিভিন্ন জায়গায় অনেক বৈঠক হয়, যেগুলো অনেক সময় প্রকাশও পায় না। এসব নিয়ে বিএনপির কোনো মন্তব্য নেই। জনগণের ইচ্ছা ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

বৈঠক প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশ–জার্মানির ভবিষ্যৎ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

আমীর খসরু জানান, জার্মান বিনিয়োগকারীরা ইতিমধ্যে চীন ও ভারতে বিনিয়োগ করেছে এবং তারা মনে করছে বাংলাদেশও ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগের গন্তব্য হতে পারে। বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে বিনিয়োগবান্ধব পরিকল্পনা প্রতিটি দূতাবাসে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, “শুধু জার্মানি নয়, অন্যান্য দেশও বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সবাই এখন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা