জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছে, শাপলা প্রতীক ছাড়া তারা কোনোভাবেই নির্বাচনে অংশ নেবে না। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “নিবন্ধন ও প্রতীক ছাড়া কোনো দল নির্বাচনে যেতে পারে না। নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় আংশিকভাবে নির্বাচন কমিশনেরও থাকবে।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি আরও বলেন, “আমরা গণতান্ত্রিক উপায়ে শাপলা প্রতীকের জন্য লড়াই চালিয়ে যাব। অধিকার আদায়ে কোনো আপস করব না। ইসির সামনে দুটি পথ— হয় এনসিপিকে শাপলা প্রতীক দিতে হবে, নয়তো বর্তমানের নিবন্ধিত দলগুলোর প্রতীক যেমন ধান, সোনালী আঁশ, তারা— এগুলো বাতিল করতে হবে।”
নাসীরুদ্দীন অভিযোগ করেন, শাপলা প্রতীক না দেওয়ার পেছনে একটি ‘অদৃশ্য শক্তির’ ভূমিকা রয়েছে। তিনি বলেন, “ইসি এখনো পর্যন্ত কোনো আইনি বা রাজনৈতিক কারণ দেখাতে পারেনি কেন শাপলা প্রতীক দেওয়া যাবে না।”
এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক খালেদ সাইফুল্লাহ বলেন, “যাদের বয়স নির্বাচনের দিনে ১৮ বছর পূর্ণ হবে, তাদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।”
যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানান, “জাতীয় লীগের মতো অকার্যকর দলকে নিবন্ধন দেওয়ার প্রক্রিয়ায় জড়িত ইসি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।”
বৈঠকে এনসিপির প্রতিনিধি দল জোর দাবি জানায়, নির্বাচন কমিশন যেন দ্রুত বিধিমালায় সংশোধনী এনে ‘শাপলা’ প্রতীক তাদের বরাদ্দ করে।