প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্ববাজারে রুপার দামে রেকর্ড উত্থান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

বিশ্ববাজারে স্বর্ণের রেকর্ড দামের পর এবার রুপার মূল্যও ছুঁয়েছে ইতিহাসের সর্বোচ্চ স্তর। বুধবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ৪৯.৫৭ ডলার, যা চলতি বছরের মধ্যে প্রায় ৭০ শতাংশ বৃদ্ধি। ২০১০ সালের পর এটিই রুপার সর্বোচ্চ বার্ষিক উত্থান।

বিশ্লেষকদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদে ঝোঁক—এই সবকিছু মিলে রুপার দামে ব্যাপক উত্থান ঘটিয়েছে।
ওএএনডিএ’র বিশ্লেষক জাইন ভাওদা বলেন, বর্তমানে অনেক খুচরা বিনিয়োগকারী রুপাকে নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবে দেখছেন। সরবরাহ সংকট ও শিল্প খাতে চাহিদা বৃদ্ধির কারণে আগামী ছয় মাসের মধ্যে রুপার দাম ৫৫ ডলারে পৌঁছাতে পারে।

এদিকে, মার্কিন কোমেক্স গুদামে ব্যাপক বিনিয়োগ এবং লন্ডন স্পট মার্কেটে সরবরাহ ঘাটতি দাম বৃদ্ধির বড় কারণ বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আমদানি শুল্ক আরোপের আশঙ্কা লন্ডন ও নিউইয়র্কের বাজারে দামের পার্থক্য তৈরি করেছে।

লন্ডন বুলিয়ান মার্কেট অ্যাসোসিয়েশন (LBMA) জানায়, সেপ্টেম্বরের শেষে লন্ডনের ভল্টে ছিল ২৪,৫৮১ মেট্রিক টন রুপা, যার বাজারমূল্য প্রায় ৩৬.৫ বিলিয়ন ডলার। বর্তমানে এক আউন্স স্বর্ণ কিনতে প্রয়োজন ৮২ আউন্স রুপা, যা এপ্রিল মাসে ছিল ১০৫ আউন্স।

মেটালস ফোকাসের বিশ্লেষক ম্যাথিউ পিগট বলেন, রুপা এখন শুধু শিল্প ধাতু নয়, বরং শক্তিশালী বিনিয়োগ মাধ্যমেও পরিণত হয়েছে। সৌর প্যানেল, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক গাড়িতে চাহিদা বৃদ্ধি রুপার দাম বাড়াতে ভূমিকা রাখছে।
মরগান স্ট্যানলির তথ্য অনুযায়ী, রুপা-সমর্থিত এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ETF) বিনিয়োগ বেড়েছে, পাশাপাশি চীনের সৌর প্রকল্প বৃদ্ধির কারণে শিল্প খাতে রুপার চাহিদা আরও বাড়ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা