স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। পরবর্তীতে মরহুমকে তার নিজ গ্রাম ফতেহপুরের মদনহাট এলাকার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে, সকাল ৮টার দিকে মরদেহ ফ্রিজিং গাড়িতে করে ফতেহপুরে পৌঁছালে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক তোফায়েল আহমেদ। তার বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগজনিত সমস্যা দেখা দিলে মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা হার্টে রিং পরানোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই মৃত্যুবরণ করেন তিনি।
দেশের স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন ও সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই বরেণ্য শিক্ষাবিদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সহকর্মী ও শিক্ষার্থীরা।