প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্ব ডাক দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫

আজ ৯ অক্টোবর, বিশ্ব ডাক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি নানা আয়োজনে পালিত হচ্ছে। জনগণের সঙ্গে সরকারের সংযোগ এবং টেকসই উন্নয়নে ডাক বিভাগের ভূমিকা তুলে ধরতেই প্রতি বছর এ দিবসটি উদযাপন করা হয়।

 

এ বছরের বিশ্ব ডাক দিবসের প্রতিপাদ্য—‘জনগণের জন্য ডাক : স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর।’

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর ডাক ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা। শোভাযাত্রাটি সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পরে বিকেলে অনুষ্ঠিত হবে ‘আগামীর ভাবনায় ডাক’ শীর্ষক সেমিনার।

 

দ্বিতীয় দিনে, অর্থাৎ আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একই দিনে বিকেলে অনুষ্ঠিত হবে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 

দিবসটি উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন,“অন্তর্বর্তী সরকার ডাক বিভাগকে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের মূলধারায় অন্তর্ভুক্ত করে যুগোপযোগী করার কাজ করছে। ডাক বিভাগ শুধু সেবা প্রদানেই সীমাবদ্ধ থাকবে না; এটি স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হিসেবে গড়ে উঠবে।”

 

 

বিশেষজ্ঞদের মতে, দেশের প্রতিটি গ্রাম ও জনপদে ডাক বিভাগের উপস্থিতি কেবল বার্তা প্রেরণের মাধ্যম নয়—এটি এখন গ্রামীণ অর্থনীতি ও ডিজিটাল সংযোগের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা