পাঁচ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ অক্টোবর (শুক্রবার) দেশব্যাপী গণমিছিল এবং ১২ অক্টোবর (রোববার) সকল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।
বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এসব কর্মসূচি ঘোষণা করেন এবং দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, “আমরা দীর্ঘদিন ধরে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও ভয়মুক্ত পরিবেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার যদি জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা গণদাবি উপেক্ষা করে, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার আদায়ে আরও জোরালো আন্দোলনে নামতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “দ্বিতীয় দফার কর্মসূচির অংশ হিসেবে ১০ অক্টোবর রাজধানীসহ সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং ১২ অক্টোবর সব জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।”
অধ্যাপক পরওয়ার বলেন, “আমরা সবাইকে আহ্বান জানাই—এই দুই কর্মসূচি ব্যাপকভাবে সফল করে জুলাই জাতীয় সনদের আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং ৫ দফা গণদাবি বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ঐক্যবদ্ধ হোন।”