প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম তৈরিতে লাইভ টিভি ও নেক্সট টিভিকে লাইসেন্স দেয়া হয়েছে: মাহফুজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন গণমাধ্যমের অনুমোদন দেওয়া হবে। বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নীতি অনুযায়ী কোনো গণমাধ্যম বন্ধ করা হবে না। তাই পূর্ববর্তী নিয়ম মেনে নতুন গণমাধ্যমেরও অনুমোদন দেওয়া হবে।

তিনি আরও বলেন, “যদি নতুন আইন অনুযায়ী অনুমোদন দিতে পারতাম, সেটা আরও ভালো হতো। তবে এখনো নতুন আইন কার্যকর হয়নি, তাই সীমিতভাবে অনুমোদন দেওয়া হচ্ছে।”

মাহফুজ আলম জানান, নতুন টেলিভিশন চ্যানেল যুক্ত হলে দেশের টিভি শিল্পে প্রতিযোগিতা ও মান উন্নয়ন বাড়বে।

ইতোমধ্যে দুটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল অনুমোদন পেয়েছে — ‘নেক্সট টিভি’ এবং ‘লাইভ টিভি’।
নেক্সট টিভি অনুমোদন পেয়েছে গত ২৪ জুন, ‘৩৬ মিডিয়া লিমিটেড’-এর নামে, যার ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান তুহিন। অন্যদিকে, ১৪ জুলাই লাইভ টিভি অনুমোদন পেয়েছে ‘মিনার্ভা মিডিয়া লিমিটেড’-এর নামে, মালিক আরিফুর রহমান।

বর্তমানে দেশে মোট ৫০টি অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল রয়েছে, যার মধ্যে ৩৬টি সম্প্রচারে আছে এবং ১৪টি সম্প্রচারের অপেক্ষায়। এছাড়া ১৫টি আইপি টিভি অনুমোদন পেয়েছে।

তথ্য উপদেষ্টা জানান, যে কেউ নতুন চ্যানেল চালুর জন্য আবেদন করতে পারেন। এর জন্য প্রয়োজন জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ব্যাংক সলভেন্সি সনদ, ট্যাক্স সনদ, ইনকরপোরেশন সার্টিফিকেট, প্রকল্প প্রস্তাব ও ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা।

আবেদন জমা দেওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে বিটিআরসি থেকে ফ্রিকোয়েন্সি ক্লিয়ারেন্স নিতে হয়। এরপর সরকারের অনুমোদনের সবুজ সংকেত পেলেই চ্যানেল সম্প্রচার শুরু করতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা