দেশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের সংখ্যা আগের তুলনায় কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
আজ (৮ অক্টোবর) বিকেলে ঢাকা মহানগর পুলিশের সদর দফতরে ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “একবার মিছিল থেকে ২৪৪ জনকে হাতেনাতে ধরা হয়েছিল। তারপর থেকে সংখ্যাটা অনেক কমে এসেছে। সকলের সহযোগিতা পেলে আরও কমে আসবে। জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে দেশের অপরাধের মাত্রাও কমে যাবে।”
তিনি আরও উল্লেখ করেন, “নির্বাচনে ইলেকশন কমিশনকে বেশি কাজ করতে হয়, তারপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, তারা হলো রাজনৈতিক দল। তবে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো জনগণ। জনগণ যদি সক্রিয় থাকে, কেউ নির্বাচন প্রক্রিয়ায় বাধা দিতে পারবে না।”
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুলিশ বাহিনীর যানবাহনের স্বল্পতা বহুদিনের। বর্তমান সরকারের উদ্যোগে ২০০টি গাড়ি ক্রয় করা হয়েছে, যার মধ্যে আজ ২০টি গাড়ি ডিএমপিতে হস্তান্তর করা হয়েছে।