পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ও গলাচিপা সদর ইউনিয়নের সংযোগ সেতুটি এখন মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সেতুর মাঝখানে বড় ধস তৈরি হয়েছে, ফলে এটি প্রায় চলাচল অযোগ্য হয়ে পড়েছে। এতে প্রতিদিন শতাধিক পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালক চরম দুর্ভোগে পড়ছেন।
স্থানীয় রিকশাচালক বলেন, “ব্রিজটা এখন প্রায় ভেঙে গেছে। আগে গাড়ি নিয়ে যাতায়াত করতাম, এখন জীবনের ঝুঁকি নিয়ে হেঁটে পার হতে হয়।”
এলাকাবাসীর অভিযোগ, বহু বছর ধরে সেতুটি নড়বড়ে অবস্থায় থাকলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে সেতুটি আরও দেবে যায়, তখন দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায় কয়েকগুণ।
পানপট্টি ইউনিয়নের বাসিন্দা মো. সাইমুন বলেন, “বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সেতুটি নির্মাণে উদ্যোগ নিয়েছিলেন যাতে আমরা সহজে গলাচিপা শহরে যেতে পারি। কিন্তু এখন সেতুটি ভাঙনের মুখে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে।”
স্থানীয় দোকানি হালিম পাহলান জানান, “এই ব্রিজ দিয়েই আমরা বাজারে যাই। একসময় আনন্দের সঙ্গে যাতায়াত করতাম, কিন্তু এখন কোনো গাড়ি চলতে পারে না। মাঝে মাঝে মানুষও পড়ে আহত হয়।”
এ বিষয়ে গলাচিপা সদর ইউনিয়নের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাফর রানা বলেন, “এই সেতুটি আমাদের আওতায় নয়; এটি এলজিইডির (LGED) দায়িত্বে রয়েছে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গলাচিপা শাখার নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা সেতুর বর্তমান অবস্থা সম্পর্কে অবগত আছি। ইতোমধ্যে পুনর্নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে, আশা করছি শিগগিরই কাজ শুরু হবে।”