প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, অপরাধ কমছে— স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

দেশে ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টায় ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) নতুন ২০টি গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে নতুন গাড়িগুলোর চাবি ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর হাতে তুলে দেন। এ সময় তিনি বলেন, “অনেক দিন ধরেই পুলিশের যানবাহনের স্বল্পতা রয়েছে। সম্প্রতি সরকারিভাবে ২০০টি গাড়ি কেনা হয়েছে। তবে প্রয়োজনের তুলনায় তা এখনও কম। প্রধান উপদেষ্টার নির্দেশনায় ফাইন্যান্স ও শিল্প উপদেষ্টার সহায়তায় এ উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এ বছর আরও গাড়ি কেনা হতে পারে।”

তিনি জানান, বর্তমানে ঢাকার ৫০টি থানার মধ্যে ২৫টি ভাড়া ভবনে রয়েছে। ইতোমধ্যে পাঁচটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে, শিগগিরই আরও দুটি থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা হাস্যরসের সুরে বলেন, “ভালো খবর বলতে গেলেও খারাপ কথাটা চলে আসে! অভ্যাসটা বদলাতে সময় লাগে।” এ সময় উপস্থিত সবার মধ্যে হাসির রোল পড়ে।

তিনি বলেন, “বাস্তবতা হলো— আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঝটিকা মিছিলের সংখ্যাও কমেছে। ২৪৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করার পর পরিস্থিতি আরও ভালো হচ্ছে। গণমাধ্যমের সহযোগিতা পেলে এগুলো আরও কমে যাবে, একসময় হয়তো সম্পূর্ণ বন্ধও হয়ে যাবে।”

নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, “নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক কার্যক্রম বাড়বে, তবে অপরাধ কমে যাবে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।”

তিনি আরও বলেন, “জনগণই দেশের সবচেয়ে বড় স্টেকহোল্ডার। তারা নির্বাচনের ব্যাপারে খুবই সচেতন। এখনই চায়ের দোকানেও নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবাই যদি সহযোগিতা করে, তাহলে আসন্ন নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে।”

পুলিশ সদস্যদের ওপর হামলা ও নির্যাতনের বিষয়ে তিনি বলেন, “এ ধরনের ঘটনার সংখ্যা আগের তুলনায় কমেছে। নরসিংদীতে সাম্প্রতিক একটি ঘটনার পরও পরিস্থিতি এখন অনেক উন্নত। গণমাধ্যম যদি এসব বিষয়ে সচেতনতা ছড়ায়, তাহলে জনগণও আরও সতর্ক হবে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা