প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে গত ১৭ বছরে শহীদ ও আহতদের পরিবারকে পুনর্বাসন ও সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হবে।”

বুধবার (৮ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন দুদু।

তিনি বলেন, “বিএনপি এখনো ক্ষমতায় নেই, সংসদে নেই, সরকারে নেই—তবুও ব্যর্থতার দায় বিএনপির ঘাড়ে চাপানো হচ্ছে। এটি সম্পূর্ণ অযৌক্তিক। দেশের বর্তমান অবস্থা ও বিশৃঙ্খলার দায় সরকারের, বিএনপির নয়।”

শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, “আমাদের প্রতিবেশী একটি দেশ বারবার বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসে ভূমিকা রেখেছে। তিনটি ভুয়া নির্বাচনের পরও তারা সেগুলোকে সফল হিসেবে স্বীকৃতি দিয়েছে, শেখ হাসিনাকে ফুলের মালা পরিয়েছে। এটি প্রমাণ করে তারা বাংলাদেশের জনগণের পক্ষে নয়, বরং একটি দলের পাশে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্বৈরাচারী সরকারকে বিদায় করেছি, কিন্তু সংগ্রাম এখানেই শেষ নয়। এখন প্রয়োজন একটি সত্যিকারের জাতীয় নির্বাচন এবং জনগণের অংশগ্রহণে গণভিত্তিক সরকার প্রতিষ্ঠা। গণতন্ত্রের প্রশ্নে কোনো আপস করা হবে না।”

সভায় সভাপতিত্ব করেন ২৪ জুলাই যোদ্ধা আন্দোলনের আহ্বায়ক মো. রেজাউল করিম রেজা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, এবং দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে. এম. রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা