প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতের হিমাচল প্রদেশে পাহাড় ধসে বাস চাপা: নিহত অন্তত ১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৫

ভারতের হিমাচল প্রদেশে ভয়াবহ ভূমিধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে রাজ্যের বিলাসপুর জেলার ভালুঘাট এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে বাসটি হরিয়ানা থেকে বিলাসপুরের ঘুমারউইনের দিকে যাচ্ছিল। পথে প্রবল বর্ষণের কারণে পাহাড় ধসে বাসটির ওপর নেমে আসে মাটি ও পাথরের বিশাল স্তর, যা মুহূর্তেই পুরো বাসটিকে চাপা দেয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে পাঠায়। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরাও অংশ নেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, “হিমাচল প্রদেশের বিলাসপুরে দুর্ঘটনার খবর অত্যন্ত দুঃখজনক। যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমিধসের ঘটনা ঘটছে। পাহাড়ি এই রাজ্যে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে, এবং প্রশাসন দুর্গত এলাকাগুলোতে সতর্কতা জারি করেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা