জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা ঐকমত্য কমিশনে বারবার বলেছি— কেবল উচ্চ কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রয়োগের পক্ষে আমরা। প্রথমে উচ্চ কক্ষে এটি বাস্তবায়ন করে দেখা হোক। যদি এটি সফল হয় এবং বাংলাদেশের জন্য উপযোগী প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে নিম্ন কক্ষেও প্রয়োগ বিবেচনা করা যেতে পারে।
মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি রেস্টুরেন্টে জেলা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শাপলা প্রতীক নিয়ে সারজিস আলম বলেন, আমরা আশাবাদী— প্রতীক সংকটের সমাধান হবে। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটেছে, তাহলে শাপলার সমস্যার সমাধানও হবে ইনশাআল্লাহ। আইনগতভাবে কোনো বাধা নেই। আমরা আশা করি নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা করে দ্রুত সিদ্ধান্ত জানাবে এবং এনসিপিকে শাপলা প্রতীকেই নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দেবে।
তিনি বলেন, আইনগতভাবে শাপলা আমাদের প্রাপ্য। অথচ কমিশন এখনো ঘোষণা দিচ্ছে না। এটি যদি তাদের স্বেচ্ছাচারিতার পরিচায়ক হয়, তবে তারা নিজেদের গ্রহণযোগ্যতাই হারাবে।
অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার আচরণের সমালোচনা করে সারজিস আলম বলেন, আমরা দেখতে পাচ্ছি, কেউ কেউ শুধু রুটিন কাজ করছেন। আমরা চাই, তারা তাদের মন্ত্রণালয়ে কী কী সংস্কার করেছেন তা প্রকাশ্যে জানান। কিন্তু বাস্তবে অনেকেই কেবল রাজনৈতিক হিসাব কষছেন— কোন দল ক্ষমতায় আসতে পারে, কার সঙ্গে বেশি যোগাযোগ রাখা ভালো ইত্যাদি বিষয় নিয়ে ব্যস্ত।
আওয়ামী লীগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় ফেরার কোনো সুযোগ নেই। তারা ফিরলে স্বীকার করতে হবে— জুলাই বিপ্লব মিথ্যা ছিল। ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা। যারা এখনও আওয়ামী লীগের ফিরে আসার স্বপ্ন দেখছেন, তাদের সে ভাবনা বাদ দেওয়া উচিত। না হলে তারাও একই পরিণতির মুখোমুখি হবেন।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম আহ্বায়ক মুনিরা শারমিন, কেন্দ্রীয় সদস্য আসিফ মোস্তফা জামাল, জেলা সমন্বয়কারী আলাউল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।