বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর আদর্শে পরিচালিত সৎ ও ন্যায়নিষ্ঠ শাসনের বাস্তব উদাহরণ অতীতে উপস্থাপন করেছে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর এলাকায় আয়োজিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। পরে দর্জিপাড়া ও ডাঙ্গাপাড়া এলাকায় তিনি গণসংযোগে অংশ নেন। তিনি রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
এটিএম আজহারুল ইসলাম বলেন,
“জোট সরকারের সময় জামায়াতের দুইজন শীর্ষ নেতা তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সেই সময়ে এক টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি। কারণ আমরা বিশ্বাস করি, সৎ নেতৃত্বই সমাজ ও রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে পারে।”
তিনি আরও বলেন,
“যদি জনগণ আবারও জামায়াতকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয়, আমরা আল্লাহর নির্দেশিত পথে সততা ও আমানতের সঙ্গে দেশ পরিচালনা করব। জনগণের সম্পদ হবে কল্যাণমূলক কাজে ব্যবহৃত।”
নিজের অতীত কারাবন্দি জীবনের কথা উল্লেখ করে তিনি বলেন,
“মিথ্যা মামলা ও সাজানো সাক্ষ্যে আমাকে ১৪ বছর কারাগারে আটক রাখা হয়েছিল। ফ্যাসিস্ট সরকারের দমননীতিতে বহু আলেম, তরুণ, নারী ও শিশু প্রাণ হারিয়েছে। আজ ছাত্র-জনতার ত্যাগের বিনিময়ে দেশ জুলুমমুক্ত হয়েছে।”
আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতকে সুযোগ দিতে আহ্বান জানিয়ে আজহারুল ইসলাম বলেন,
“অতীতে অনেক দলকে আপনারা ক্ষমতায় দেখেছেন, এবার আমাদের পরীক্ষা করুন। জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা উন্নয়ন ও সেবার মাধ্যমে প্রমাণ করব—সৎ নেতৃত্বই পরিবর্তনের চাবিকাঠি।”
পথসভায় আরও বক্তব্য দেন—তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মাওলানা ইয়াকুব আলী, পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ লেবু মিয়া, এবং কুর্শা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোহাম্মদ মোহছেনুল হক প্রামাণিক।