প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শিবিরের আয়োজিত দোয়া মাহফিলকে নিজেদের দাবি করল ছাত্রদল: কক্সবাজারে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ অক্টোবর, ২০২৫

আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালন করতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছিল কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রশিবির। কিন্তু অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই সেটি ছাত্রদলের আয়োজন হিসেবে প্রচার করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে, যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিভ্রান্তি ও সমালোচনা।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিবিরের আয়োজিত এ অনুষ্ঠানের শেষাংশে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী উপস্থিত হয়ে দোয়া মোনাজাতে শরিক হন।

এর কিছুক্ষণ পর, বিকেল ৩টা ৭ মিনিটে ছাত্রদলের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে অনুষ্ঠানটির তিনটি ছবি পোস্ট করে দাবি করা হয়—এটি কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আয়োজন।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, “ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাত বার্ষিকী উপলক্ষে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।”

অন্যদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ফেসবুক পেজে একই ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়, “শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ শাহাদাতবার্ষিকী উপলক্ষে ‘নিপীড়ন-বিরোধী দিবস’ পালনের অংশ হিসেবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।”

এ বিষয়ে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের অফিস সম্পাদক মোহাম্মদ আইয়ুব আনসারী বলেন,
“আমাদের কেন্দ্রীয় সিদ্ধান্তে কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট শাখা এই কর্মসূচি আয়োজন করে। আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম।
শেষ দিকে ছাত্রদলের পরিচয়ে কয়েকজন এসে দোয়ায় অংশ নেয়। কিন্তু পুরো অনুষ্ঠানই ছিল শিবিরের উদ্যোগে।”

তিনি আরও বলেন, “পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদলের কোনো কমিটি নেই। তারা শুধু নিজেদের প্রচারের জন্য অনুষ্ঠানটি বিকৃতভাবে প্রচার করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

আইয়ুব আনসারী জানান, “আমাদের অনুষ্ঠান শুরু হয় যোহরের নামাজের পর, আনুমানিক ১টা ৪০ মিনিটে। ছাত্রদলের সদস্যরা আসে প্রায় ১টা ৫০ মিনিটের দিকে। মোনাজাত শেষে তারা ছবি তুলে ফেসবুকে নিজেদের কর্মসূচি হিসেবে প্রচার করে।”

এই ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার শিক্ষাঙ্গনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে একে “রাজনৈতিক প্রোপাগান্ডার নতুন ধরণ” বলে মন্তব্য করছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা