সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট বোন ও কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আছিয়া আলম (৭৮) ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার দেবর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহম্মদ।
মৃত্যুকালে আছিয়া আলম তিন পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাজনীতিতে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ। টানা তিনবার মিঠামইন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পাশাপাশি এর আগে মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত হামলা ও বিস্ফোরক মামলায় আছিয়া আলমসহ অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
মিঠামইন উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি এবং উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের ভাতিজা ফারহান সিকদার মামলাগুলো দায়ের করেন।
আছিয়া আলমের মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।