প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেধার ভিত্তিতে দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন দলের আলাদা আদর্শ থাকতে পারে, তবে বিএনপি ঝগড়া-ফ্যাসাদ থেকে সরে এসে মেধা ও দক্ষতার ভিত্তিতে দেশের উন্নয়ন নিশ্চিত করতে চায়।

সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৬টায় তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি পিরোজপুর সদরের টোনা গ্রামে প্রবীণ বিএনপি নেতা মোতালেব আকনের বাড়িতে আয়োজিত এক সাক্ষাৎ অনুষ্ঠানে এসব কথা বলেন। মোতালেব আকন আওয়ামী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পঙ্গুত্ব বরণ করেছেন।

অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপির মানবিক সংগঠন ‘আমরা বিএনপি পরিবার’ এর কেন্দ্রীয় আহ্বায়ক ও সাংবাদিক আতিকুর রহমান রুম্মন। তারেক রহমান আরও বলেন, “এ দেশের তরুণ ও নারী সমাজ যাতে উপার্জনক্ষম হয়ে খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, সেই লক্ষ্যে আমাদের দল কাজ করবে। আমরা আর রক্ত ঝরাতে চাই না, বরং সমস্যার সমাধানের জন্য পরিকল্পনা গ্রহণ করব। এটিই হবে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি।”

সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ছাত্রদল থেকে শুরু করে বিএনপির সকল নেতৃবৃন্দকে চরিত্র গঠনের প্রতি মনোযোগী হতে হবে। তিনি জামায়াতের সমালোচনা প্রসঙ্গে জানান, “দেশনায়ক তারেক রহমান কোনো দলের বা ব্যক্তির সমালোচনা করেন না।”

তারেক রহমান দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে মন্তব্য করে বলেন, “বর্তমানে দেশের ৪০ শতাংশ রোগী সরকারি হাসপাতালের মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। বিএনপি ক্ষমতায় এ অবস্থা পরিবর্তন করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’ এর অন্যান্য নেতৃবৃন্দ, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় বিএনপির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন সহ অন্যান্যরা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা