বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)-এর নতুন নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াজিদ হাসান শাহ। সোমবার (৬ অক্টোবর) তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও বিআইসিএম পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছে আনুষ্ঠানিকভাবে যোগদানের চিঠি জমা দেন।
ওয়াজিদ হাসান শাহ যুক্তরাষ্ট্রের Truman State University থেকে অর্থনীতিতে স্নাতক, University of Missouri-Columbia থেকে স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
তিনি সর্বশেষ বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনে সদস্য (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বিআইসিএম-এর পরিচালক (স্টাডিজ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এ রিসার্চ ফেলো হিসেবে কর্মরত ছিলেন।
এছাড়া, তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন ইউএনডিপি, এফএও, আইএলও, আইওএম, ডব্লিউএফপি, ইউএন উইমেন, ডব্লিউএইচও-এর কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন। পাশাপাশি আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএফপিআরআই-সহ একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।
আজই তিনি বিআইসিএমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় সংস্থার পরিচালক (অর্থ ও প্রশাসন) নাজমুছ সালেহীনসহ অন্যান্য কর্মকর্তারা ফুল দিয়ে নতুন নির্বাহী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান।