টঙ্গীর সাহারা মার্কেট এলাকার কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে গিয়ে দগ্ধ হয়ে প্রাণ হারান ফায়ারফাইটার নুরুল হুদা। দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা এই বীর যোদ্ধা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। কিন্তু তিনি দেখে যেতে পারেননি নিজের নবজাতক সন্তানের মুখ।
তার মৃত্যুর ১২ দিন পর, সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন তার স্ত্রী। পৃথিবীর আলো দেখলেও বাবার মুখ দেখার সৌভাগ্য হয়নি এই নবজাতকের।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ সেপ্টেম্বর বিকেল ৩টা ৪৫ মিনিটে টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় অগ্নিনির্বাপণের সময় গুরুতর দগ্ধ হন নুরুল হুদা। চিকিৎসাধীন অবস্থায় তিনি ২৪ সেপ্টেম্বর বিকেল ২টা ৪০ মিনিটে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ফায়ারফাইটার শামীম আহমেদ ও ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম-ও প্রাণ হারান।
১৯৮৭ সালের ২১ জুলাই ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ধামাইল গ্রামে জন্মগ্রহণ করেন নুরুল হুদা। তিনি ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ফায়ার ফাইটার হিসেবে যোগ দেন।
বর্তমানে তার পরিবারে রয়েছে সদ্যোজাত পুত্র সন্তান, ১০ বছরের একটি কন্যা ও ৩ বছরের এক পুত্র।
দেশবাসী আজ এই শহীদ অগ্নি-যোদ্ধাকে স্মরণ করছে শ্রদ্ধা ও অশ্রুসিক্ত ভালোবাসায়।