প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হংকংয়ের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে ইনজুরিতে ভুগছে বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকতে হংকংয়ের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে আগামী বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকায় মুখোমুখি হবে দুই দল। এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার হামজা চৌধুরী।

বাংলাদেশ দলকে প্রস্তুত করতে গত ৩০ সেপ্টেম্বর থেকেই অনুশীলন ক্যাম্প পরিচালনা করছেন কোচ হাভিয়ের ক্যাবরেরা। তবে ক্যাম্পে দুঃসংবাদ এসেছে ইনজুরির কারণে একাধিক খেলোয়াড় ছিটকে পড়ায়। ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা চোটের কারণে ক্যাম্প ছেড়েছেন আগেই। এছাড়া আরেক ফরোয়ার্ড মোহাম্মদ আল আমিন এবং রক্ষণের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় তপু বর্মন ও তারিক কাজী এখনো অনুশীলনে ফিরতে পারেননি।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে কোচ ক্যাবরেরা বলেন,
‘সুমন ও ইব্রা ক্যাম্পের শুরুতে ভালো অবস্থায় ছিল। এমনকি তারিক, তপু ও আল আমিনও অনুশীলনে যোগ দিয়েছিল। কিন্তু পরবর্তীতে কয়েকজনের ইনজুরি ধরা পড়ে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুমন ও ইব্রাকে ম্যাচের জন্য প্রস্তুত করতে, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তারা চিকিৎসার পরিকল্পনা নিয়ে নিজ নিজ ক্লাবে ফিরে গেছে।’

এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। অন্যদিকে হংকংয়ের সংগ্রহ চার পয়েন্ট। ফলে টানা দুটি ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে, যদি বাছাইয়ে টিকে থাকার স্বপ্ন জীবিত রাখতে চায় তারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা