প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইন্দোনেশিয়ায় ইসলামিক স্কুল ভবন ধসে প্রাণহানি ৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২৫

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় জাভা প্রদেশে ভয়াবহ দুর্ঘটনায় ধসে পড়েছে একটি ইসলামিক বোর্ডিং স্কুলের ভবন। এতে এখন পর্যন্ত অন্তত ৪৯ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতদের অধিকাংশই কিশোর বয়সী ছাত্র বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (BNPB)।

ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে জাভা প্রদেশের সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে। স্কুলটির ওপরের তলায় নির্মাণকাজ চলছিল। অতিরিক্ত ভারে ভবনের মূল কাঠামো দুর্বল হয়ে পড়ে এবং হঠাৎই পুরো ভবনটি ধসে যায়। এতে মুহূর্তের মধ্যে শতাধিক ছাত্র কংক্রিটের নিচে চাপা পড়ে যায়।

রাতভর উদ্ধার অভিযান পরিচালনা করে স্থানীয় উদ্ধারকর্মীরা। ভারী যন্ত্রের সাহায্যে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলে টানা কয়েক ঘণ্টা ধরে। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, মৃতদের মরদেহ কমলা রঙের ব্যাগে করে সরিয়ে নেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত ধ্বংসস্তূপের ৮০ শতাংশ পরিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধার সংস্থা, তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, স্কুল ভবনটির নির্মাণ অনুমোদন (বিল্ডিং পারমিট) ছিল কি না, তা নিয়ে তদন্ত চলছে। ইন্দোনেশিয়ার ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ৪২ হাজার ইসলামিক বোর্ডিং স্কুল রয়েছে, যার মধ্যে মাত্র ৫০টিরই বৈধ নির্মাণ অনুমোদন রয়েছে।

ইন্দোনেশিয়ার গণপূর্তমন্ত্রী ডোডি হ্যাংগোডো বলেছেন, “ভবনের নিরাপত্তা তদারকিতে গাফিলতি থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, আল খোজিনি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা