প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নীলফামারী, লালমনিরহাট ও রংপুরের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও ফসলের জমি, পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ।

রোববার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি রেকর্ড করা হয় ৫২ দশমিক ২৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে। পানি প্রবাহ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের সব ৪৪টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

পাউবোর কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে ভারী বৃষ্টির কারণে ঢল নামা অব্যাহত রয়েছে। ফলে রাতের দিকে পানি আরও বাড়তে পারে। এ অবস্থায় তিস্তা তীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা গোলাপী বেগম বলেন, “সন্ধ্যার পর থেকে ঘরে পানি ঢুকেছে, এখন রান্নাবান্না করতেও কষ্ট হচ্ছে।” আরেক বাসিন্দা মনোয়ার হোসেন জানান, “ঘরে পানি ঢুকেছে, বের হওয়াও এখন কঠিন হয়ে পড়েছে।”

পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, “উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বেড়ে গ্রামগুলো প্লাবিত হয়েছে। প্রায় পাঁচ হাজার মানুষ পানিবন্দী। পানি বাড়লে তাদের নিরাপদ স্থানে সরানো হবে।”

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, “সন্ধ্যায় তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, রাতে আরও বাড়তে পারে। কিছু নিম্নাঞ্চল ইতিমধ্যে ডুবে গেছে।”

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “তিস্তার পানি বেড়ে একটি বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পাউবোর সহায়তায় মেরামতের কাজ চলছে। পানিবন্দী মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা