বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পতিত সরকারের আমলে কেবল উন্নয়নের গালভরা গল্প শোনা গেলেও শিক্ষাক্ষেত্রে কোনো প্রকৃত উন্নয়ন হয়নি। বরং ছাত্র রাজনীতির নামে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মাস্তান তৈরি করা হয়েছে।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, “গত ১৫-১৬ বছরে শিক্ষাক্ষেত্রে গুণগত পরিবর্তন আসেনি। শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও গবেষণার পরিবেশ তৈরি করা হয়নি। শুধু লোক দেখানো কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। যদি আমরা এমন এক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে পারতাম যেখানে শিক্ষকরা জ্ঞান, বিজ্ঞান ও সাহিত্যচর্চায় শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন—তাহলেই দেশ এগিয়ে যেত।”
তিনি আরও বলেন, “আমরা একটি কঠিন সময় অতিক্রম করেছি। এখন আমাদের লক্ষ্য হবে সেই তরুণ প্রজন্মের স্বপ্ন বাস্তবায়ন করা, যারা আজ রেসিং কার বানিয়ে দেশের নাম উজ্জ্বল করছে। তাদের মধ্যেই দেশের ভবিষ্যৎ সম্ভাবনা লুকিয়ে আছে।”
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর রেসিং কার নির্মাতা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে অতিথিরা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।