বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পর্ষদের নির্বাচন আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে ভোটের আগমুহূর্তেও তৈরি হয়েছে নতুন নাটকীয়তা। নির্বাচন পেছানোসহ তিন দফা দাবি তুলে ধরেছে ৪৮টি ক্রিকেট ক্লাবের সংগঠকরা।
শনিবার সংবাদ সম্মেলনের পর আজ (রোববার) দুপুরে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পাঠিয়েছেন। সংগঠকদের পক্ষে বিসিবির কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবু স্বাক্ষরিত ওই চিঠিতে চলমান সংকট নিরসনে তিনটি প্রস্তাব পেশ করা হয়েছে।
চিঠিতে সংগঠকরা দাবি করেছেন— বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচন পুনঃতফসিল করা, কাউন্সিলরশিপ সংক্রান্ত বিতর্ক এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া,n প্রয়োজনে অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব দিয়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট আয়োজন করা।
তাদের মতে, নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সবার অংশগ্রহণ নিশ্চিত করতে এই পদক্ষেপগুলো জরুরি।
বিসিবির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরেই উত্তেজনা বিরাজ করছে। কিছু ক্লাব অভিযোগ করছে, কাউন্সিলর তালিকায় অনিয়ম হয়েছে, অন্যদিকে নির্বাচন কমিশন বলছে সব প্রক্রিয়া নিয়মমাফিক চলছে। ফলে ভোটের আগে মাঠের বাইরেও জমে উঠেছে তীব্র আলোচনা।