প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইউক্রেনে রুশ বিমান হামলায় রেলস্টেশনে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৫

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের শোস্তকা শহরে একটি রেলস্টেশনে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় একজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় দুটি যাত্রীবাহী ট্রেন গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর—বিবিসি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হামলাটিকে ‘বর্বরোচিত’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “রাশিয়া ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে—এটা বিশ্ব জানে। এমন হামলার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে নীরব থাকা উচিত নয়।”

জেলেনস্কি একটি ভিডিওও শেয়ার করেছেন, যেখানে দেখা যায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগিতে ভয়াবহ আগুন জ্বলছে।

স্থানীয় প্রসিকিউটররা জানান, ধ্বংসস্তূপের একটি বগি থেকে ৭১ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ও পুনর্গঠনমন্ত্রী ওলেক্সি কুলেবা বলেন, “রাশিয়া প্রথমে স্থানীয় একটি ট্রেন এবং পরে কিয়েভগামী আরেকটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে।”

অন্যদিকে সুমির ভারপ্রাপ্ত মেয়র আর্টেম কোবজার টেলিগ্রামে লিখেছেন, “আহত সবাই ট্রেনের যাত্রী। উদ্ধারকারী দল, চিকিৎসক ও জরুরি সেবার সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন।” আঞ্চলিক গভর্নর ওলেহ হ্রাইহোরভও সামাজিকমাধ্যমে জ্বলন্ত ট্রেনের বগির একটি ছবি প্রকাশ করেছেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা