জাতীয় ঐকমত্য কমিশন খুব শিগগিরই তাদের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত কমিশনের এক বৈঠকে এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
প্রায় এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে জুলাই সনদের মূল বিষয়বস্তু, তার বাস্তবায়ন কৌশল এবং রাজনৈতিক দলগুলোর অবস্থান নিয়ে আলোচনা হয়। কমিশনের পক্ষ থেকে বৈঠকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দল থেকে তারা ইতিবাচক প্রতিক্রিয়া ও সহযোগিতা পেয়েছেন।
বৈঠক শেষে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “ঐকমত্য কমিশনের কার্যক্রমে সকল রাজনৈতিক দল ও গণমাধ্যমের সহযোগিতা ছিল প্রশংসনীয়। তাদের সমর্থনেই কাজের গতি বাড়ানো সম্ভব হয়েছে।”
সভায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কমিশনের কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং সদস্যদের ধন্যবাদ জানান। তিনি দ্রুততম সময়ের মধ্যে কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, আসিফ নজরুল ও আদিলুর রহমান খান।