বাংলাদেশের জীবিত কিংবদন্তি শিল্পী ও সাহিত্যিকদের সম্মান জানাতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানিয়েছেন, এই পরিকল্পনার লক্ষ্য হচ্ছে—শিল্প-সাহিত্যের মানুষদের জীবিত অবস্থাতেই যথাযথ মর্যাদা দেওয়া।
শনিবার (৪ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপে ফারুকী বলেন, “আমরা প্রায়ই দেখি—কোনো শিল্পী বা সাহিত্যিক মারা গেলে তখনই তাকে ঘিরে আয়োজন হয়। কিন্তু জীবদ্দশায় তাদের জন্য উদ্যোগ খুব কম নেওয়া হয়। এটা পরিবর্তনের সময় এসেছে। তাই সরকার ইতোমধ্যেই জীবিত কিংবদন্তিদের সম্মাননা ও উদযাপন নিয়ে একটি বৃহৎ কর্মপরিকল্পনা হাতে নিয়েছে।”
তিনি জানান, শিল্পকলা একাডেমি এই উদ্যোগের জন্য একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরি করছে। এতে দেশব্যাপী শিল্পী, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জীবন ও কাজকে উদযাপন করা হবে। “আমরা চাই, এই আয়োজনগুলো যেন নিছক আনুষ্ঠানিক না হয়। প্রত্যেকের ব্যক্তিত্ব ও দর্শনের সঙ্গে মানানসইভাবে অনুষ্ঠান কিউরেশন করা হচ্ছে,” যোগ করেন ফারুকী।
তিনি আরও জানান, সম্প্রতি সাবিনা ইয়াসমিনকে নিয়ে বিশেষ আয়োজন করা হয়েছে, যেখানে শিল্পী খুরশিদ আলম বলেছেন, এমন আয়োজন তিনি আগে দেখেননি। এছাড়া ৮ অক্টোবর উস্তাদ আলাউদ্দিন খাঁর জন্মদিনে লালবাগ কেল্লায় ‘ধ্রুপদী সন্ধ্যা’ নামে বিশেষ অনুষ্ঠান হবে, যাতে উস্তাদের নাতি সিরাজ খাঁ যুক্তরাষ্ট্র থেকে এসে অংশ নেবেন।
সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, “আমরা চাই সকল প্রজন্মের শিল্পীদের উদযাপন করতে—বদরুদ্দীন উমর, সেলিম আল দীন, রক লিজেন্ড জেমস, তারেক মাসুদ, এস এম সুলতান, নাসির আলী মামুন—সবাই থাকবেন এই তালিকায়। আহমদ রফিক ভাইও সেই তালিকায় ছিলেন। দুর্ভাগ্যজনকভাবে, তিনি অংশ নিতে পারেননি।”
সংস্কৃতি খাতে নতুন পরিকল্পনার কথা জানিয়ে ফারুকী বলেন, “আমরা অল্পদিনের সরকার। তবে নতুন দিগন্ত উন্মোচনে কাজ শুরু করেছি। কালচারাল ইনক্লুসিভনেস এবং ‘জুলাই ন্যারেটিভ’ ধারণা নিয়ে আমরা এগোচ্ছি।”
তিনি আরও জানান, শিল্পকলা একাডেমিতে গান ও নাচের স্কুল স্থাপন, নতুন বিভাগ চালু, আন্তর্জাতিক ফিল্ম, থিয়েটার ও মিউজিক ফেস্টিভ্যাল আয়োজন এবং বিয়েনালে পুনরুজ্জীবনের কাজ চলছে। “সবকিছু সময়সাপেক্ষ, কিন্তু আমরা শুরুটা করে দিয়েছি,” বলেন ফারুকী।