বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ (রবিবার, ৫ অক্টোবর) যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। এবারের প্রতিপাদ্য— “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।”
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে সকালেই শুরু হয় গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান। দেশের বিভিন্ন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাছাই করা ১২ জন শিক্ষককে আজ সম্মাননা প্রদান করা হবে। প্রাথমিকভাবে মোট ৩৬ জন শিক্ষককে মনোনয়ন দেওয়া হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দিবসটি উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৪ সালে ইউনেস্কোর উদ্যোগে শিক্ষকদের অবদান স্মরণ ও সম্মান জানাতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। বর্তমানে বিশ্বের ১০০টিরও বেশি দেশে দিবসটি উদযাপিত হয়। এডুকেশন ইন্টারন্যাশনাল এবং এর ৪০১টি সহযোগী সংগঠন এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।