নোয়াখালীর হাতিয়ায় সালিশি বৈঠকের পর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে প্রকল্প বাজার এলাকার প্রধান সড়কের পাশ থেকে মো. জাফরের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তিনি চানন্দি ইউনিয়নের প্রকল্প বাজার এলাকার বাসিন্দা মো. জাকেরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, চুরির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় বিএনপি নেতা সোহেল মাহমুদের নেতৃত্বে জাফরকে আটক করে সালিশি বৈঠক বসানো হয়। বৈঠকে তার বাবাকেও ডাকা হয়, তবে পরে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ উঠেছে, এরপর জাফরকে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরদিন সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের বাবা জাকের অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে যদি অপরাধও করে থাকে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু নির্যাতন চালিয়ে ঝুলিয়ে রাখা হলো কেন?” তিনি ছেলের হত্যার বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা সোহেল মাহমুদ বলেন, “জাফর আগে আমার বাড়িতে কাজ করতো। কিছু জিনিস চুরির পর পালিয়ে যায়। পরে তাকে আলী বাজার থেকে ধরে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বাবাকেও ডাকা হয়েছিল। এরপর কী হয়েছে, আমি জানি না। সকালে তার মৃত্যুর খবর পাই।”
হাতিয়ার মোর্শেদ বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিউদ্দিন জানান, “এটি হত্যা নাকি আত্মহত্যা—এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”