প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাংবাদিকদের দুইদিন সাপ্তাহিক ছুটিসহ ১০ দফা দাবি জানাল বিএফইউজে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাংবাদিকদের কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করতে ১০ দফা দাবি উত্থাপন করেছে। এর মধ্যে অন্যতম হলো সাংবাদিকদের জন্য সাপ্তাহিক ছুটি দুইদিন নির্ধারণ।

শনিবার সকালে গাজীপুরে সংগঠনটির কার্যনির্বাহী পরিষদের সভায় এসব দাবি জানানো হয়।

দাবিগুলোর মধ্যে রয়েছে— অবিলম্বে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার, গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী সব কালো আইন বাতিল, তথ্য অধিদপ্তরকে (ডিএফপি) দুর্নীতিমুক্ত করা এবং সরকারি বিজ্ঞাপন ও ক্রোড়পত্র প্রদানে স্বচ্ছতা নিশ্চিত করা।

সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সঞ্চালনা করেন মহাসচিব কাদের গনি চৌধুরী। এ সময় সহ-সভাপতি মুহাম্মদ খায়রুল বাশার, একেএম মোহসীন, সহকারী মহাসচিব বাছির জামাল, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, প্রচার সম্পাদক শাহজাহান সাজুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।

এছাড়া দেশের বিভিন্ন আঞ্চলিক সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরাও সভায় অংশ নেন এবং দাবিগুলোর পক্ষে সমর্থন জানান।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা