সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ওয়েল্ডিং কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল মামুন গাজী (৩২) নামে এক যুব জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আল মামুন গাজী ওই ইউনিয়নের বাকশা তাতীপাড়া গ্রামের জাহার আলী গাজীর ছেলে এবং কেঁড়াগাছি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি ছিলেন। স্থানীয়রা জানান, পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি মামুন মাওলানা আব্দুল খালেকের বাড়িতে লোহার গেট বসানোর সময় বিদ্যুতের সংস্পর্শে আসেন। সঙ্গে থাকা ড্রিল মেশিনে শর্ট সার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। একই সঙ্গে গেটের ভারী লোহার অংশ পড়ে গিয়ে তাঁর শরীরে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে স্থানীয়রা ছুটে এলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবার-স্বজনরা আহাজারি করছেন।
কেঁড়াগাছি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ফিরোজ আহমেদ আজাদী এক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বলে নিশ্চিত হওয়া গেছে।’