ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিককে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হলো কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হয়ে তাঁর মরদেহ সেখানে কিছু সময় রাখা হয়।
‘আহমদ রফিক ফাউন্ডেশন’ জানিয়েছে, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী মরদেহ বারডেম হাসপাতালে দান করা হবে। পরবর্তীতে কফিন শোকযাত্রার মাধ্যমে নেওয়া হবে ইব্রাহিম মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে মেডিকেল শিক্ষার্থীদের প্রশিক্ষণ ও গবেষণার জন্য তাঁর দেহ ব্যবহার করা হবে।
গত বৃহস্পতিবার রাতে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে ৯৬ বছর বয়সে ইন্তেকাল করেন আহমদ রফিক। নিউ ইস্কাটনের গাউসনগরের ভাড়া বাসায় একাই বসবাস করতেন তিনি। ১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই লেখক ২০০৬ সালে স্ত্রীকে হারান এবং তাঁর কোনো সন্তান ছিল না।
ভাষা আন্দোলনের অন্যতম ইতিহাসবিদ ও প্রাবন্ধিক আহমদ রফিক শতাধিক বই লিখে ও সম্পাদনা করে গেছেন। দুই বাংলার রবীন্দ্রচর্চায় তাঁর অবদান অনন্য। এজন্য কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে। এছাড়া তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছেন।