প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রবাসী বাংলাদেশি লটারিতে জিতলেন ২০ মিলিয়ন দিরহাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী বিগ টিকিট আবুধাবির সেপ্টেম্বর মাসের ড্র-তে ২০ মিলিয়ন দিরহামের গ্র্যান্ড প্রাইজ জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৬ কোটি টাকা। শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত ড্রয়ে তার নাম ঘোষণা করা হয়।

বিজয়ী হারুন সরদার নুর নোবি সরদার পেশায় একজন প্রাইভেট ট্যাক্সিচালক। ৪৪ বছর বয়সী এই প্রবাসী গত ১৪ সেপ্টেম্বর ০৩৫৩৫০ নম্বরের টিকিটটি কিনেছিলেন। লাইভ ড্র চলাকালে সঞ্চালকরা ফোনে খবরটি জানালে তিনি আবেগাপ্লুত হয়ে শুধু বলেন, “ঠিক আছে, ঠিক আছে।”

২০০৯ সাল থেকে আমিরাতে থাকা হারুন প্রতি মাসেই নিয়মিত টিকিট কিনতেন। এবার ভাগ্য খুলে তিনি এই বিশাল পুরস্কার পান। তবে এই অর্থ তিনি আরও ১০ জন অংশগ্রহণকারীর সঙ্গে ভাগ করে নেবেন।

এ ড্রয়ে আরও চারজন অংশগ্রহণকারী ৫০ হাজার দিরহাম করে জিতেছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতের শিহাব উমাইর ও সিদ্দিক পামব্লাথ, বাংলাদেশের আলী হুসেন আলী এবং পাকিস্তানের আদেল মোহাম্মদ।

এছাড়া স্পিন দ্য হুইল প্রতিযোগিতায় কাতারের প্রবাসী রিয়াসের হয়ে অংশ নিয়ে তার বন্ধু আশিক মোত্তাম জিতেছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম। ভারতের কেরালার সুসান রবার্ট জিতেছেন বিশাল অঙ্কের অর্থ, যা তিনি ছেলের পড়াশোনা ও ভ্রমণে ব্যয় করবেন বলে জানিয়েছেন।

বাংলাদেশি প্রবাসী আলিমুদ্দিন সোনজাও জিতেছেন ৮৫ হাজার দিরহাম, যা তিনি তার অংশীদারদের সঙ্গে ভাগ করবেন। আল আইনের বাসিন্দা জাজরুল ইসলাম ফকির আহমেদও তার জেতা অর্থ সহ-অংশগ্রহণকারীদের সঙ্গে ভাগ করবেন। অন্যদিকে শারজাহর আরেক প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমাদ নবী জিতেছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী অক্টোবরের ড্র-তে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে ২৫ মিলিয়ন দিরহাম। আগামী ৩ নভেম্বর লাইভ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন বিজয়ী ২৫০ গ্রাম করে ২৪ ক্যারেটের সোনার বার জেতার সুযোগ পাবেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা