প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে অভিনন্দন বার্তা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার (৪ অক্টোবর) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো বার্তায় তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।

ঢাকায় চীনা দূতাবাস থেকে জানানো হয়, প্রেসিডেন্ট শি উল্লেখ করেছেন যে চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের ঐতিহ্যবাহী প্রতিবেশী এবং পারস্পরিক সম্পর্কের ইতিহাসও সমৃদ্ধ। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশ শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচ নীতির ভিত্তিতে পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সহযোগিতার মাধ্যমে সুসম্পর্ক গড়ে তুলেছে।

শি জিনপিং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। রাজনৈতিক আস্থা বৃদ্ধি, বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশীদারিত্ব এবং বিভিন্ন খাতে সহযোগিতা দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করেছে। তিনি বাংলাদেশের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, সহযোগিতা গভীর করতে এবং অভিন্ন উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

অন্যদিকে, প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিনও তার বার্তায় বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ ও চীন পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দৃঢ় সম্পর্ক গড়ে তুলেছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে। তিনি বাংলাদেশের উন্নয়নযাত্রায় চীনের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের জনগণ ও নেতৃত্বের যৌথ প্রচেষ্টায় দ্বিপাক্ষিক সহযোগিতা আরও বিস্তৃত হবে এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা