রাজধানীর বাংলামোটর এলাকায় আজ শনিবার (৪ অক্টোবর) সকালে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় তিন ঘণ্টারও বেশি সময় চরম দুর্ভোগ পোহাতে হয়েছে স্থানীয় বাসিন্দা ও অফিসগামী মানুষকে। সকাল ৭টা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় থেমে যায় অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম, বিপর্যস্ত হয় দৈনন্দিন জীবনযাত্রা।
এলাকাবাসীর অভিযোগ, গরমে শিশু ও অসুস্থরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। ফ্যান-এসি বন্ধ থাকায় ঘরে ভ্যাপসা গরম, আর পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বাসা-বাড়ি ও অফিস উভয় জায়গাতেই পানির তীব্র সংকট দেখা দেয়। অনেকেই জানান, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ফ্রিজ বন্ধ থাকায় খাবার নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা বলেন, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় অফিসে কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পানি না থাকায় তৃষ্ণায় কষ্ট ভোগ করতে হচ্ছে। একই এলাকার আরেক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় বাচ্চাদের স্কুলে পাঠাতে দুর্ভোগ পোহাতে হয়েছে, গরমে তারা কষ্ট পেয়েছে।
দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের ধীরগতি কার্যক্রমের সমালোচনা করেন। তাদের মতে, বারবার এমন সমস্যায় সাধারণ মানুষ ভীষণ ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মাসুম জানান, সম্ভবত কোনো বাসার লাইন ফল্টের কারণে এ সমস্যা হয়েছে। সকাল থেকেই মেরামতের কাজ চলছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ ফেরানো হয়েছে, বাকি অংশেও শিগগিরই স্বাভাবিক হবে।