ইসরায়েলি বাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও আটক করেছে। শুক্রবার (৩ অক্টোবর) সকালে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানে উঠে নিয়ন্ত্রণ নেয়। এর আগে বৃহস্পতিবার ইসরায়েল জানিয়েছিল, ফ্লোটিলার একটি ছাড়া বাকি সব নৌযান আটক করা হয়েছে।
এমন পরিস্থিতিতেও গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার নতুন উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, গত ২৫ সেপ্টেম্বর ইতালির ওৎরান্তো বন্দর থেকে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি নৌযান রওনা দেয়। এরপর ৩০ সেপ্টেম্বর আরও ৯টি নৌযান যাত্রা শুরু করে। শিগগিরই এই ১১টি নৌযান একত্রিত হয়ে গাজামুখী নতুন বহরে রূপ নেবে।
এফএফসি জানায়, বহরে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবী ও ক্রু রয়েছেন। এতে যুক্ত আছে ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসানতারা। ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকে এফএফসি একাধিকবার গাজায় ত্রাণ পাঠিয়েছে।
এর আগে আগস্টে এফএফসি ৪৩টি খাদ্য ও ওষুধবাহী নৌযান পাঠানোর ঘোষণা দেয়, যার নাম দেওয়া হয় “গ্লোবাল সুমুদ ফ্লোটিলা”। তাতে ছিলেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা এবং আরও ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক। তাদের মধ্যে সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরাও ছিলেন।
গত ৩১ আগস্ট স্পেন থেকে বহরটি গাজামুখী হয়। তবে উপকূলে পৌঁছালে একটি ছাড়া বাকি সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী।