কানাডার অন্টারিও প্রদেশের ওকভিল এলাকায় একটি সিনেমা হলে পরপর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে ভারতীয় সিনেমার প্রদর্শনী। স্থানীয় ‘ফিল্ম ডট সিএ’ কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশীয় চলচ্চিত্রকে টার্গেট করেই এসব হামলা চালানো হয়েছে।
প্রথমে ২৫ সেপ্টেম্বর ভোরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৫টা ১৫ মিনিটে একটি সাদা এসইউভি থেকে দুজন নেমে প্রবেশদ্বারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ভবনের বাইরের অংশে উল্লেখযোগ্য ক্ষতি হয়।
এর ঠিক এক সপ্তাহ পর, ২ অক্টোবর ভোরে আবারও হামলার শিকার হয় সিনেমা হলটি। এবার অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশপথ লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।
এমন ঘটনার পর কর্তৃপক্ষ ঋষভ শেঠির ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ওয়ান’ এবং পবন কল্যাণের ‘দে কল হিম ওজি’ ছবির প্রদর্শনী স্থগিত করে। তারা জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ভারতীয় চলচ্চিত্র প্রদর্শন করা হবে না।
যদিও স্থানীয় গণমাধ্যম এই হামলার সঙ্গে খলিস্তানি চরমপন্থীদের সম্পৃক্ততার কথা বলছে, তবে হ্যাল্টন পুলিশ এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি। তারা ঘটনাটি তদন্ত করছে এবং হামলাকারীদের খোঁজে অভিযান চালাচ্ছে।