প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

নোয়াখালী বিভাগ করার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩ অক্টোবর, ২০২৫

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে উত্তাল হয়ে উঠেছে জেলা শহর মাইজদী। শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে জেলা জামে মসজিদ থেকে হাজারো মানুষ মিছিল বের করে। পরে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সুপার মার্কেট এলাকায় অবরোধ কর্মসূচি পালন করে।

বিক্ষোভকারীরা নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরকে নিয়ে আলাদা নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানান। তারা হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচিতে বক্তব্য দেন হেফাজতে ইসলাম নোয়াখালীর সাংগঠনিক সম্পাদক মাওলানা ইয়াছিন আরাফাত, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জাস্টিস ফর জুলাইয়ের সদস্যসচিব ইয়াসির আরাফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম সদস্যসচিব মেহেদী হাসান সীমান্ত, সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ তুষারসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

অবরোধ চলাকালে নোয়াখালী-কুমিল্লা ও নোয়াখালী-ফেনী সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বক্তারা বলেন, দেশের অন্যতম প্রাচীন জেলা নোয়াখালী অর্থনৈতিক ও প্রশাসনিক দিক থেকে অনেক আগে থেকেই বিভাগ হওয়ার যোগ্যতা রাখে। কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে কুমিল্লার সঙ্গে যুক্ত করে নতুন বিভাগ গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে— যা বৃহত্তর নোয়াখালীর মানুষ মেনে নেবে না। তারা জানান, নোয়াখালীকে বিভাগ ঘোষণা না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

এর আগে বৃহস্পতিবার চাটখিল ও সোনাইমুড়ীতেও একই দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা