গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন (জিভিএসএ)-এর উদ্যোগে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প ও ভ্যাকসিনেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর স্কুল মাঠে দিনব্যাপী এ কার্যক্রম আয়োজন করা হয়।
ক্যাম্পে স্থানীয় খামারিদের গবাদিপশু ও পোষা প্রাণীর জন্য ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ভ্যাকসিন, ওষুধ সরবরাহ এবং অভিজ্ঞ ভেটেরিনারিয়ানদের পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিভিএসএ সদস্যবৃন্দ, সাবেক উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা মো. আনিছুর রহমান সিদ্দিকী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ।
এসময় এক খামারি বলেন, “আমাদের এলাকায় এ ধরনের আয়োজন সত্যিই আনন্দের। ডাক্তাররা আন্তরিকভাবে সেবা দিয়েছেন, ভবিষ্যতেও যেন এ ধরনের উদ্যোগ নেওয়া হয়।”
অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একজন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাফি বলেন, “মাঠপর্যায়ে সরাসরি খামারিদের সেবা দেওয়া আমাদের জন্য শিক্ষণীয় অভিজ্ঞতা। এ ধরনের সামাজিক কর্মকাণ্ড সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়।”
গাজীপুর ভেটেরিনারি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. সামসুল আরেফিন জানান, প্রায় ১৫০টি ছাগল ও ১৭০টি গরুকে বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং খামারিদের সচেতন করে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা।”
গাজীপুর সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাহীন মিয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানান।