বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফিলিস্তিন স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত মুসলমানদের আন্দোলন ও সংহতি অব্যাহত থাকবে। তিনি বলেন, “আমরা ফিলিস্তিনিদের পাশে ছিলাম, আছি এবং মুক্তির সেই দিন পর্যন্ত থাকবো।”
শুক্রবার (৩ অক্টোবর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
বক্তারা বলেন, গাজার ওপর ইসরায়েলের হামলা, নারী-শিশু হত্যাযজ্ঞ এবং আন্তর্জাতিক ত্রাণবাহী নৌবহরে হামলা মানবতাবিরোধী অপরাধ। তারা আটককৃত অধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও মানবিক সহায়তাকারীদের অবিলম্বে মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, সম্প্রতি স্পেন থেকে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নৌবহরে ৪০টিরও বেশি জাহাজ ছিল, যা গাজায় খাদ্য, ওষুধ ও মানবিক সহায়তা নিয়ে যাচ্ছিল। বিশ্বের ৩৭টিরও বেশি দেশের প্রায় ৪০০ অধিকারকর্মী ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব এতে অংশ নেন। ভূমধ্যসাগরের আন্তর্জাতিক জলসীমায় পৌঁছালে ইসরায়েলি নৌবাহিনী বহরটি আটক করে এবং অনেককে গ্রেপ্তার করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আমির মুহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়া কেন্দ্রীয় ও মহানগর নেতারা এবং হাজারো মুসল্লি বিক্ষোভে অংশ নেন।